আসন্ন উপজেলা নির্বাচনে খাগড়াছড়ির রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেয়েছেন পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক বিশ্ব প্রদীপ ত্রিপুরা। দুই ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হয়েছে যুবলীগ নেতা কাজী জিয়াউল হক শিপন ও ভাইস চেয়ারম্যান (নারী)নাছিমা আহসান নীলাকে।
প্রার্থী নির্বাচনের লক্ষ্যে সোমবার ২৮ জানুয়ারী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বর্ধিত সভার আয়োজন করা হয়। বেলা ১২টায় শুরু হয়ে শিল্পী কমিউনিটি হলে দলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে রাত অবধি চলে চেয়ারম্যান মনোনয়ন কার্যক্রম। উপজেলা আওয়ামীলীগ আহ্বায়ক মো. শাহ আলম মজুমদারের সভাপতিত্বে বর্ধিত সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি রণ বিক্রম ত্রিপুরা, সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নির্মলেন্দু চেীধুরী ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সাবেক সাংসদ একেএম আলীমউল্ল্যাহ।
দলীয় সূত্রে জানা যায়, চেয়ারম্যন পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন, নারী ভাইস চেয়ারম্যান পদে ৪ জন দলীয় প্রার্থী ছিলেন। একক প্রার্থী মনোনয়নে দীর্ঘ আলাপ-আলোচনায় কোন ধরনের সমঝোতা না হওয়ায় সভার সিদ্ধান্ত অনুযায়ী কাউন্সিলরদের গোপন ভোটে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান মনোনিত হন। ভোটের ফলাফলে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে বিশ্ব প্রদীপ ত্রিপুরা ৫৮ ভোট হয়ে দলীয় মনোনয়ন পান। দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে কাজী নুরুল আলম আলমগীর ও রফিকুর আলম কামাল। অপরদিকে ভাইস চেয়ারম্যান পদে কাজী জিয়াউল হক শিপন প্রথম নুরুল আলম জিকু দ্বিতীয় ও তৃতীয় হন সামছুউদ্দিন মিলন। নারী ভাইস চেয়ারম্যান পদে নাছিমা আহসান নীলা এবং দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে নিউসং চেীধুরী ও হাছিনা আক্তার।
