লংগদু প্রতিনিধি ॥
রাঙামাটির লংগদুতে উপজেলার ৫০ হতদরিদ্র রোগীকে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে সহায়তার অর্থ বিতরণ করা হয়। প্রতিজন রোগীকে এক হাজার টাকা হারে মোট পঞ্চাশ রোগীকে পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়।
জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহযোগিতায় করোনাকালীন চিকিৎসা সহায়তা হিসেবে এই অর্থ বিতরণ করা হয়। উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে অর্থ বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা সমাজ সেবা কার্যালয়ের কর্মকর্তা আজাহার আলী, আবুল কালাম আযাদ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে আবুল কালাম আযাদ বলেন, ২০২০-২১ অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হতদরিদ্র রোগীরা সহায়তা পেতে আবেদন করেন। তাদের আবেদনের প্রেক্ষিতে উপজেলার মোট পঞ্চাশ জন রোগীকে সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়াও প্রতিবছর দুরারোগ্য রোগীদের মাঝে সমাজ কল্যাণ পরিষদের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
