কাপ্তাই প্রতিনিধি ॥
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কাপ্তাইয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামে এই মানববন্ধনের আয়োজন করে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই মানববন্ধন কর্মসূচির উদ্বোধন করেন। কমিউনিটি হেলথ প্রোগামের ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাসির উদ্দীন, তথ্য সেবা কর্মকর্তা তাহমিনা সুলতানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া।
মানববন্ধনে ইউএনও মুনতাসির জাহান বলেন, নারীকে যুগে যুগে অবলা হিসাবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন নারীদের যে পথ দেখিয়েছেন সেই পথ ধরে নারীরা এগিয়ে যাচ্ছে আজ। তিনি আরোও বলেন, সমাজে নারী পুরুষের বৈষম্য দূর করে সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে, কারণ রাষ্ট্র সমানভাবে সকলের অধিকার দিয়েছে। নারীদের ছাড়া কখনো উন্নয়ন সম্ভব না।
মানববন্ধনে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প, কমিউনিটি হেলথ প্রোগামের স্বাস্থ্য কর্মী এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।
