করোনা ভাইরাস উপেক্ষা করেই একের পর এক পৌরসভা ও উপজেলা সম্মেলন চালিয়ে যাওয়া রাঙামাটি বিএনপি শেষ উপজেলার সম্মেলনের আগমুহুর্তে ঠিকই আটকে গেলো। ১৯ মার্চ দলটির রাঙামাটির অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত উপজেলায়, সম্মেলন স্থগিত করতে বাধ্য হলো সংগঠনটি।
বুধবার রাতে লংগদু উপজেলা নির্বাহী অফিসার নামের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজ থেকে ঘোষণা দেয়া হয় যে, ‘ করোনা ভাইরাস সংক্রমন সতর্কতার অংশ হিসেবে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত লংগদু উপজেলায় সকল প্রকার সভা-সমাবেশ সহ সব ধরণের জন সমাবেশ পরিহার করার জন্য বলা হলো।’
এই ঘোষণার কিছুক্ষন পর থেকেই লংগদু ও রাঙামাটি জেলা বিএনপির নেতারা ‘অনিবার্য কারণ বশত বাংলাদেশ জাতীয়তাবাদী দল লংগদু উপজেলা শাখার ১৯ মার্চ ২০২০ ইং এর সম্মেলন স্থগিত করা হইল’ শীর্ষক স্ট্যাটাস শেয়ার করতে শুরু করেন।
ফলে দৃশ্যত: স্থগিত হয়ে গেলো এই উপজেলা বিএনপির সম্মেলন। দলটির উপজেলা কমিটির বর্তমান সভাপতি ও সম্পাদক দুজনই সভাপতি পদে এবার প্রার্থী হয়েছিলেন এবং বেশ জমজমাট প্রস্তুতিও চলছিলো প্রার্থীতা নিয়ে। এই উপজেলা সম্মেলনের আগে জেলায় বিএনপির বাকি ১১ টি ইউনিটের সম্মেলন এই মাসেই শেষ করেছে বিএনপি। যার প্রায় প্রতিটিতেই পুরনো কমিটিই বহাল আছে এবং বহাল নেতারা প্রায় সবাই’ই বর্তমান জেলা কমিটির অনুগত হিসেবেই পরিচিত।
১৯ মার্চ ১২ টি উপজেলা ও পৌর কমিটির সম্মেলন শেষে আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে রাঙামাটি জেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা রয়েছে।
