শুভ্র মিশু ॥
১৯৮৬ সালে সমাজসেবা অধিদপ্তরের হাসাপাতাল সমাজসেবা কার্যক্রমের আওতায় গঠন হওয়া রাঙামাটি জেনারেল হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
রোগী কল্যাণ সমিতি রাঙামাটি জেনারেল হাসপাতালের আয়োজনে এই সাধারণ সভা ও মতবিনিময় সভায় রাঙামাটির সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ওমর ফারুক।
এতে বক্তারা বলেন, মানুষকে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হয় কর্মের মাধ্যমে, চিন্তা ও আত্মতাগের মাধ্যমে। অসহায়, নিগৃহিত, নিঃস্ব ও বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোই সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত রোগী কল্যাণ সমিতির কাজ। আর সেই কাজটিই করে যাচ্ছে রাঙামাটি রোগী কল্যাণ সমিতি।
সাধারণ সভা শেষে ক্যান্সার, স্ট্রোকে প্যারালাইজড, কিডনী রোগীসহ বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত ২৪জনকে ১২লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয় রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে।
পরে অনুষ্ঠিত হয় কাউন্সিল অধিবেশন। এতে পদাধিকারে রাঙামাটির সিভিল সার্জন বিপাশ খীসাকে সভাপতি ও হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা মো. মাজাহারুল ইসলামকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদানের পাশাপাশি কমিটির আজীবন সদস্যদের পক্ষ থেকে মনোয়ারা আক্তার জাহান, এডভোকেট মো. মোক্তারকে সহ-সভাপতি এবং মো. কামাল, দেবব্রত চৌধুরী কুমকুম, জহিরুল আলম, ডাঃ শওকত আকবরকে সদস্য নির্বাচিত করা হয়।
