নিজস্ব প্রতিবেদক ॥
বঙ্গবন্ধু ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে রাঙামাটিতে কৃষক লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাঙামাটি পৌরসভার সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
এসময় প্রতিবাদ সমাবেশে কৃষকলীগের সভাপতি জাহিদ আক্তারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রফিকুল মাওলা, জেলা মৎস্যলীগের সভাপতি উদয়ন বড়–য়া, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সময় মৌলবাদী শক্তিকে পরাজিত করে এ দেশ স্বাধীন হয়েছিল, এবারও এই মৌলবাদী শক্তিকে পরাজিত করে দেশের প্রত্যেকটি উপজেলায় ও গ্রামে গ্রামে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন করব। সারা বাংলাদেশের কৃষক সমাজ ঐক্যবদ্ধভাবে এই মৌলবাদী শক্তিকে পরাজিত করবে। এর আগে আমরা প্রতিবাদ করেছি। এবার প্রতিরোধের সময় এসেছে।
বক্তারা আরো বলেন, যারা মূর্তি ও ভাস্কর্য নিয়ে বিতর্ক তৈরি করছে, তাদের উদ্দেশ্য আমরা বুঝে গেছি। আপনারা আমাদের উদারতাকে দুর্বলতা ভাববেন না। আমরা দাঁতভাঙ্গা জবাব দিতে পারি। এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে কঠিন শাস্তির দাবিও জানানো হয় সমাবেশ থেকে।
