রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ের পিলাক নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ক্যাখাই মার্মা নামে এক ব্যক্তিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সন্ধ্যায় অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদ পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার।
জানা যায়, অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করায় বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ ও ধারা ১৫ মোতাবেক তাকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার জানান, অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে জরিমানা করা হয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
