রামগড় প্রতিনিধি ॥
বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রামগড় চা-বাগানের শ্রমিকেরা শনিবার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে। একই সঙ্গে বাগান পঞ্চায়েত কমিটির নেতৃত্বে চা শ্রমিকবৃন্দ রামগড়-ফেনী সড়কে মানববন্ধন ও অবরোধ করে বিক্ষোভ করে। এসময় স্থানীয় বাগান বাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহাদাৎ হোসেন সাজু ও পুলিশ এসে শ্রমিকদের শান্ত করেন।
শনিবার বেলা ১১টায় চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজগড়ের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে চা-শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবি জানানো হয়। দাবি মানা না হলে হরতাল-অবরোধসহ কঠিন কর্মসূচির হুঁশিয়ারি দেন শ্রমিক নেতৃবৃন্দ।
গত মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। শনিবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করেছেন। বর্তমানে চা উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। ফলে বিপুল পরিমাণ কাঁচা পাতা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
সমাবেশে বক্তব্য দেন চা-বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজগড়, সাধরণ সম্পাদক বিপ্লব মুন্ডা, শ্রমিক যুব পরিষদ নেতা জয় চন্দ্র দে, সাবেক সাধরণ সম্পাদক মিন্টু চন্দ্র দে, শ্রমিক নেতা যতন কর্মকার।
