ডেস্ক রিপোর্ট ॥
রাঙামাটিতে অনুষ্ঠিত হলো পার্বত্য চট্টগ্রামের সর্বোচ্চ বিদ্যাপিঠ রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে ২য় ব্যাচের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান। সোমবার পর্যটন হলিডে কমপ্লেক্সে নবীন বরণ অনুষ্ঠিত হয়। নবীন বরণ আয়োজক কমিটি আহ্বায়ক ও ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মোসা. হাবিবার প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, পর্যটন হলিডে কমপ্লেক্স রাঙামাটির ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া এবং রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রক্টর জুয়েল সিকদার।
আরও উপস্থিত ছিলেন ম্যানেজমেন্ট বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সূচনা আক্তার, একই বিভাগের সহকারী অধ্যাপক ফারহা সুলতানা, ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্ট সাইন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. নিখিল চাকমা, সিএসই বিভাগের প্রভাষক মোহাম্মদ মাঈনুদ্দিন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ও নবীন বরণ আয়োজক কমিটির আহবায়ক মোসা. হাবিবা, পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার) নৃপেন চাকমা এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খোকনেশ্বর ত্রিপুরা। আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন ১ম ব্যাচের শিক্ষার্থী সাকিব চৌধুরী ও রিপা আক্তার।
বিকাল তিনটায় শোকের মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টে মৃত্যুরণকারী সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এই সময় নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রফেসর ড. কাঞ্চন চাকমা বলেন, বাংলাদেশের পর্যটন খাতে নিজেদের সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে এবং নিজেরদেরকে এখন থেকে প্রস্তুত করতে হবে। সময় নষ্ট না করে জ্ঞান আহরণে নিজেদেরকে নিয়োজিত করতে হবে। পার্বত্য চট্টগ্রামের পর্যটন বিকাশে কাঠামোগত পরিবর্তন ও সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য ট্যুরিজম বিভাগ এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
সন্ধ্যায় ১ম ব্যাচের শিক্ষার্থী মেহেরিন নিগার রিমি ও মিনহাজুল আবেদিনের সঞ্চালনায় ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১ম ব্যাচ ও ২য় ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
