রাজস্থলী প্রতিনিধি ॥
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীগের বিদ্রোহী প্রার্থী ঞোমং মারমাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা আওয়ামী লীগের নেতাদের মতামতের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ঞোমং মারমাকে দল থেকে অব্যাহত দেওয়া হয়েছে বলে জানায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচ মারমা।
এ বিষয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ঞোমং মারমা জানান, আমি দলের একজন ইউনিয়ন সভাপতি, দীর্ঘদিন ধরে দলের যাবতীয় কাজ সুনামের সাথে করে আসছি। আসন্ন ইউপি নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলাম। কি কারণে আমাকে দল মনোনয়ন দেয়নি, আমি জানি না। আমি স্বতন্ত্র হিসেবে প্রার্থী হওয়াতে দল আমাকে অব্যাহতি দিতে পারে তবে এখনো আমি বহিষ্কার আদেশ হাতে পাইনি। সামাজিক যোগাযোগের মাধ্যমে জানতে পেরেছি।
এই বিষয়ে নিয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা জানান, দলীয় শৃঙ্খলা ও গঠনতন্ত্রের বাইরে গিয়ে অবস্থান নেওয়ায় তাকে দলের পদ থেকে স্থায়ীভাবে বহিস্কার করার জন্য জেলা আওয়ামীলীগ বরাবরে সুপারিশ করা হয়েছে।
