নিজস্ব প্রতিবেদক ॥
মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগের ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর দেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বিরল তথ্য চিত্র প্রদর্শন করে থাকে। তারই ধারাবাহিকতায় রাঙামাটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই জাদুঘর মুক্তিযুদ্ধের তথ্য চিত্র প্রদর্শন করে। গত দুই দিনে রাঙামাটি শহরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে এই জাদুঘর তাদের প্রদর্শনী করে। বুধবার সকালে শাহ বহুমুখি উচ্চ বিদ্যালয়ে এবং দুপুরে শহীদ আবদুল আলী একাডেমি স্কুলে শিক্ষার্থীদের ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর প্রদর্শনীর আয়োজন করে। বৃহস্পতিবার রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই শিফটের শিক্ষার্থীদের মাঝে জাদুঘরের প্রদর্শনী প্রদর্শন করে। তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। প্রামাণ্য চিত্র প্রদর্শনী শেষে তিনটি প্রতিষ্ঠানে জেলার মুক্তিযুদ্ধ ও গণহত্যা নিয়ে আলোচনা করেন মুক্তিযুদ্ধ গবেষক সাংবাদিক ইয়াছিন রানা সোহেল। এসময় মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রোগ্রাম অফিসার রঞ্জন কুমার সিংহ উপস্থিত ছিলেন। এছাড়াও শাহ বহুমুখি উচ্চ বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, শহীদ আবদুল আলী একাডেমিতে স্কুলের প্রধান শিক্ষক আলহাজ¦ নজরুল ইসলাম চৌধুরী ও রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষিকা সুবর্ন চাকমা। প্রধান শিক্ষকগণ জানান, এই ধরনের প্রদর্শনী শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের এসব ছবি দেখে উচ্ছ্বাস প্রকাশ করে। এই ধরনের প্রদর্শনীর আয়োজন বারবার করার অনুরোধ জানান তারা।

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রোগ্রাম অফিসার রঞ্জন কুমার সিংহ বলেন, সারাদেশে এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বিরল তথ্য চিত্র দেখানো হয়। রাঙামাটি জেলায় ১৯ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন উপজেলার ১২টা শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে মুক্তিযুদ্ধ জাদুঘরের এই প্রয়াস বলে তিনি জানান। উল্লেখ্য ২০১৬সালে প্রথম ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধের তথ্য চিত্রের প্রদর্শনীর আয়োজন করেছিল।
