নিজস্ব প্রতিবেদক ॥
৩ নভেম্বর বৃহস্পতিবার শেখ কামাল বিসিবি অনুর্ধ্ব ১৮ বয়সভিত্তিক জাতীয় ক্রিকেট প্রতিযোগিতা ২০২২-২৩ এর চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলের চাঁদপুর স্টেডিয়ামের ‘বি’ গ্রুপের খেলায় কক্সবাজার জেলা দলের কাছে ৫ উইকেটে পরাজিত হয় রাঙামাটি জেলা দল।
বৃহস্পতিবার রাঙামাটি তাদের দ্বিতীয় ম্যাচে কক্সবাজার জেলা দলের সাথে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। রাঙামাটি জেলা দল ২৯.২ ওভারে ১০০ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। রাঙামাটির রিটন ত্রিপুরা ২৯ রান করে দ্বিতীয় ম্যাচেও রাঙামাটির পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করেন। কক্সবাজারের পক্ষে ইরফানুল ৪টি ও তৌফিকুল ৩টি উইকেট লাভ করেন। মধ্যাহ্ন বিরতির পর কক্সবাজার জেলা দল ১০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ২৪.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়লাভ করে। কক্সবাজারের পক্ষে ব্যাটার সাইফুল ইসলাম ৫২ রান করে দলের জয়কে সহজ করে দেন।
রাঙামাটি অনুর্ধ্ব ১৮ দল প্রথম ম্যাচে চট্টগ্রাম জেলার কাছে ১১৮ রানের বড় ব্যবধানে হেরেছিলো। আগামী ৫ নভেম্বর মৌলভীবাজার জেলার সাথে রাঙামাটির শেষ ম্যাচ। কক্সবাজার জেলার সাথে হেরে টানা দুই ম্যাচ পরাজয়ের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলো রাঙামাটি জেলা দল। রাঙামাটির জেলা দলের ম্যানেজার হিসেবে জেলা ক্রীড়া সংস্থার অফিস সচিব আব্দুল করিম লালু ও কোচ মহিতোষ দেওয়ান রয়েছেন।
