জিয়াউল জিয়া
রাঙামাটিতে করোনাকালীন লকডাউনে কর্মহীন হতদরিদ্র ৪৫০ জন মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
বুধবার সকালে শহরের চিং হ্লা মং মারী স্টেডিয়ামে জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীসহ জেলা প্রশাসনের অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রীর মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবন এবং ১ লিটার সয়াবিন তেল।
চলমান লকডাউনে কর্মহীন হয়ে পড়া সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন। এ সময় সহায়তা দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
মো. মাসুদ মিয়া বলেন, আমরা শ্রমিক মানুষ শ্রম না দিলে টাকা পাই না। তখন পরিবারের লোকজন না খেয়ে থাকতে হয়। লকডাউনের কারনে কাজকর্ম কমে গেছে সেভাবে আর আয় রোজগার নাই। কোনমতে খেয়ে না খেয়ে বেচে আছি। এই সময়ে এধরনের সহযোগীতা পাওয়ার আমরা সকলেই খুশি।
মঙ্গল দেবী চাকমা জানান, এখন তো কোন কাজ নাই। যে সহায়তা পাওয়া গেছে তা দিয়ে ছেলে মেয়েদের মুখে কিছুটা হাসি ফোটানো যায়।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানর বলেন, দশটি উপজেলায় হতদরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ পৌরসভায় ৪৫০ জনের মধ্যে বিতরণ করা হলো।
প্রধানমন্ত্রীর উপহার বিতরণ শেষে দীপংকর তালুকদার বলেন, প্রধানমন্ত্রী সব সময় খেটে খাওয়া মানুষের কথা ভাবেন, তাই এই মহামারিকালীন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন। কোভিড ১৯ পরিস্থিতির উন্নতি না হলে আগামীতেও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আরো সহায়তা প্রদান করা হবে।
