কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটি সদর টেনিস ক্লাব থেকে একটি অজগর সাপ উদ্ধার করে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেছে বন বিভাগ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙামাটির টেনিস ক্লাব থেকে ১০ফুট দৈর্ঘ্য অজগরটি উদ্ধার করা হয়। পরে শুক্রবার দুপুরে কাপ্তাই ন্যাশনাল পার্ক রামপাহাড় বিটে সাপটি অবমুক্ত করেছেন কাপ্তাই বন বিভাগ কর্তৃপক্ষ।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান জানান, প্রায় ১০ ফুট দৈর্ঘ্যরে একটি অজগর গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় রাঙামাটি সদর টেনিস ক্লাব সংলগ্ন লোকালয়ে আসলে স্থানীয়রা বন বিভাগকে সংবাদ দিলে বন বিভাগের লোকজন গিয়ে অজগর সাপটি আটক করে।
এদিকে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.রফিকুজ্জামান শাহ্ এর নির্দেশ মোতাবেক ধৃত অজগর সাপটিকে শুক্রবার ২টায় কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। এসময় রামপাহাড় বন বিট কর্মকর্তা টিপু সুলতান, ফরেস্টার সুব্রত কুমার দাশ ও বনকর্মী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
