জিয়াউল জিয়া
পাহাড়ি জেলা রাঙামাটিতে বেড়েই চলছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। সোমবার সরকারের পক্ষ থেকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ১৮ দফা নিদের্শনা দেয়া হয়। তাই স্বাস্থ্যবিধি মানাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার মাস্ক পরিধান না করায় ২৫ জনকে ১৭ হাজার ৮শ’ টাকা জরিমানা করা হয়েছে। এদিন সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেন ও বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষের নেতৃত্বে শহরে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাইলাতুল হোসেন বলেন, বাণিজ্যিক প্রাণকেন্দ্র বনরুপা এলাকা সাধারণ মানুষকে জনসচেতনতায় মাক্স ব্যবহার ও সচেতনা তৈরির পাশাপাশি মাস্ক পরিধান না করায় ১০ জন, মুদি দোকানে মূল্য তালিকা না থাকায় ৭ জনকে মোট ১৪ হাজার টাকা জরিমান করা হয়। বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, শহরের নিউ মার্কেট, কলেজ গেইট এলকায় মাস্ক পরিধান না করায় ১৫ জনকে ৩ হাজার ৮শ’ টাকা জরিমান করা হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য বলছে, রাঙামাটিতে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ১০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। বর্তমানে আইসোলেশনে ২জন ভর্তি আছেন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৩৮ জন। এর মধ্যে সুস্থ রয়েছেন ১ হাজার ২৭১ জন। এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন ১৬ জন।
সিভিল সার্জন কার্যালয়ের করোনাবিষয়ক ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল বলেন, গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আক্রান্তের সংখ্যা কম ছিল; মার্চের শেষ দিকে এসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। তার মধ্যে গত ২৪ ঘন্টায় ১০ জন আক্রান্ত হয়েছেন। এটি সর্বোচ্চ।
