নিজস্ব প্রতিবেদক ॥
রাঙাামটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২২ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’২২ এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ৯টায় রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে জেলা প্রাথামিক শিক্ষা অফিসের আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এসময় জেলা প্রাথামিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি নাসরিন সুলতানা, জেলা সিনিয়র সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পরিনয় চাকমা ও মো. রবিউল হোসেনসহ বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বঙ্গবন্ধু ও বঙ্গমাতার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, এই টুর্নামেন্ট শিশুদের প্রতিভা বিকাশের একটি অন্যতম প্লাটফর্ম। টুর্নামেন্টের মাধ্যমে শিশুরা তাদের প্রতিভা জাতীয় পর্যায়ে প্রদর্শনের সুযোগ পাচ্ছে। বর্তমানে জাতীয় পর্যায়ে আমাদের রাঙামাটির অনেক ছেলেমেয়ে দেশের হয়ে ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছে, তারা আমাদের গর্ব।
উদ্বোধনী অনুষ্ঠানের পর অনুষ্ঠিত প্রথম খেলায় কাউখালী ও রাঙামাটি সদর মুখোমুখি হয়। খেলায় রাঙামাটিকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয় কাউখালী। অপর খেলায় রাঙামাটির মেয়েরা কাউখালীকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়।
উপজেলা পর্যায়ের চ্যাম্পিয়ন দলকে নিয়ে বুধবার থেকে উদ্বোধন হওয়া টুর্নামেন্টটির ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৮ সেপ্টেম্বর। জেলা পর্যায়ে বিজয়ীরা বিভাগীয় ও বিভাগীয় পর্যায়ের বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
