নিজস্ব প্রতিবেদক
পার্বত্য জেলা রাঙামাটির ক্রীড়াঙ্গণের অভিভাবক প্রতিষ্ঠান রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই নির্বাচনের তফসিল ও ঘোষণা করা হয়েছে।
রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনার মোঃ আল মামুন মিয়া সাক্ষরিত তফসিল অনুসারে ১৩ সেপ্টেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ,১৪ সেপ্টেম্বর ভোটার তালিকার আপত্তি দাখিল,১৫ সেপ্টেম্বর আপত্তির শুনানী,১৯ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ২০ থেকে ২২ সেপ্টেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও বিতরণ,২৫ ও ২৬ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল,২৭ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই,প্রতীক বরাদ্দ ও প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ ২৮ সেপ্টেম্বর,মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ সেপ্টেম্বর,চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ২ অক্টোবর এবং ভোটগ্রহণ ১১ অক্টোবর অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনে চারজন সহসভাপতি,১ জন সাধারন সম্পাদক, ১ জন অতিরিক্ত সাধারন সম্পাদক,২ জন যুগ্ম সম্পাদক,১ জন কোষাধ্যক্ষ,১৪ জন নির্বাহী সদস্য পদে নির্বাচন হবে। আর সংরক্ষিত সদস্য কোটায় উপজেলা ক্রীড়া সংস্থাগুলো থেকে ২ জন এবং দুইজন নারী ক্রীড়া সংগঠক কমিটিতে যুক্ত হবেন। পদাধিকার বলে এই ক্রীড়া সংস্থার সভাপতি হন জেলা প্রশাসক।
এবার বেশ আলোচনা হতে থাকা এই ক্রীড়া সংস্থার নির্বাচনে মোট ৭২ জন ক্রীড়া সংগঠক ভোটার হিসেবে নির্বাচনে তাদের প্রতিনিধি নির্বাচনে অংশ নিবেন। বিভিন্ন পদে জোর লড়াইয়ের আভাস মিললেও সবার চোখ সাধারন সম্পাদক পদের দিকেই।
