করোনা ভাইরাস রোগে আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়ার জন্য কেন্দ্রীয় ঔষধাগার স্বাস্থ্য অধিদপ্তর থেকে রাঙামাটিতে স্বাস্থ্য বিভাগের কাছে চিকিৎসকদের সুরক্ষায় পিপিইসহ বিভিন্ন সামগ্রী এসে পৌঁছেছে।
সোমবার সকালে ডাক বিভাগের মাধ্যমে রাঙামাটির সিভিল সার্জন কার্যালয়ে এসব জিনিস পৌঁছে দেওয়া হয়।
রাঙামাটির সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা বিষয়টি নিশ্চিত করে জানান, আমাদের কাছে এর আগেও পিপিইসহ চিকিৎসা সামগ্রী কিছু মজুদ ছিল। এখন নতুন করে ১ হাজার পিপিইসহ নিরাপত্তা সামগ্রী পেয়েছি।
সিভিল সার্জন আরো জানান, আমরা প্রতিটি উপজেলায় চিকিৎসক নিরাপত্তা সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। যাতে করে চিকিৎসকরা নির্ভয়ে কাজ করতে পারেন। প্রাণী সম্পদ বিভাগে আরো ৫০০ পিপিই মজুদ আছে জরুরী প্রয়োজনে সেগুলোও ব্যবহার করতে পারবো আমরা।
রাঙামাটি স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, রাঙামাটি জেলায় করোনা ভাইরাস রোগে আক্রান্ত রোগীদের সেবা দেওয়ার জন্য জেলায় ১০০ বেডের অস্থায়ী হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। এছাড়ায় বাকী উপজেলাগুলোতে ২টি করে করোনা রোগী সেবা দেওয়ার জন্য বেড প্রস্তুত রয়েছে।
রাঙামাটিতে বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন ১০৭ জন এবং নির্ধারিত ১৪ দিন মেয়াদ শেষ হওয়ায় ৬৭ জনকে অবমুক্ত সনদ দিয়েছে রাঙামাটি স্বাস্থ্য বিভাগ।
