হঠাৎ করেই ফের করোনা ঝুঁকি বেড়েছে পার্বত্য শহর রাঙামাটিতে। একদিনে জেলায় করোনা সংক্রমিত হয়েছেন আরো ২৩ জন।
রবিবার জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় পুরো জেলায় যে ১৩৬ জনের করোনা পরীক্ষা করা হয় এদের মধ্যে ২৩ জনের শরীরে করোনার সংক্রমন পাওয়া গেছে। এই ২৩ জন সহ জেলায় এই পর্যন্ত ১৬৭১ জন করোনা সংক্রমিত হলেন।
গত ২৪ ঘন্টায় সনাক্ত হওয়া ২৩ জনের মধ্যে সর্বোচ্চ ৯ জন কাপ্তাই উপজেলার। বাকিদের মধ্যে শহরে ১০ জন, কাউখালীতে ৩ জন,বাঘাইছড়িতে ১ জন, লংগদুতে ১ জন এবং রাজস্থলীতে ১ জন রয়েছেন।
এ পর্যন্ত জেলায় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ১৯ জন। এখনো আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৯ জন সংক্রমিত রোগি।
সিভিল সার্জন অফিস আরো জানিয়েছে, জেলায় এই পর্যন্ত ৩২৯১৩ জন মানুষ করোনা টিকার প্রথম ডোজ পেয়েছেন এবং এদের মধ্যে ১৮ হাজার ৮৮১ জন দ্বিতীয় ডোজও নিয়েছেন।
রাঙামাটির করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল জানিয়েছেন, হঠাৎ করেই জেলায় ফের করোনা সংক্রমন বাড়ার বিষয়টি উদ্বেগজনক। এটা আমাদেরও ভাবিয়ে তুলেছে। এই মুহুর্তে ব্যক্তিগত সচেতনতার কোন বিকল্প নেই। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
ডা: মোস্তফা, নতুনভাবে সংক্রমিত হওয়া ব্যক্তিরা করোনার নতুর ধরণের সংক্রমিত কিনা বিষয়টি এখনো স্বাস্থ্য বিভাগ নিশ্চিত হতে পারেনি বলেও জানিয়েছেন।
