পানছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় দুইজন করোনা আক্রান্ত হয়েছেন। পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
করোনা আক্রান্ত দুইজনের মধ্যে একজন দৈনিক কালের কন্ঠ উপজেলা প্রতিনিধি সাংবাদিক শাহজাহান কবির সাজু। তার সহধর্মিণী হোসনে আরা বেগম জানান, “তিনি ৮-১০ দিন যাবত অসুস্থ। জ্বর জ্বর। পরে ডা. অনুতোষ চাকমার শরণাপন্ন হই এবং সেই মতো ঔষধ গ্রহণ করি। তারপরও পাল্টা জ্বর আসলে টাইফয়েড টেস্ট করি। নেগেটিভ এলে ডা. অনুতোষ চাকমা করোনা পরীক্ষার পরামর্শ দেন। আজ করোনার নমুনা পরীক্ষা দিলে, রিপোর্ট পজিটিভ আসে। মোটামুটি শ্বাসকষ্ট ছাড়া বাকিসব লক্ষণ আছে। করোনার দুটি টিকা যারা নেয়, তাদের নাকি তেমন শ্বাসকষ্ট হয় না। আমরা দুইজনই এপ্রিলের ২৯ তারিখ করোনা ভ্যাকসিন নিয়েছিলাম।”
পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) সলিট চাকমা শুরু থেকে কাজ করে যাচ্ছেন। দুইশত’র উপরে তিনি নমুনা সংগ্রহ করেছেন। মুঠোফোনে কথা হয় তাঁর সাথে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়ে বলেন, আজ দুইজন করোনা রিপোর্ট পজেটিভ হয়েছেন৷
এখন একদিনেই নমুনা সংগ্রহ করে রিপোর্ট দেওয়া যায়। যদি রিপোর্ট পজেটিভ হয়,তাহলে আমরা দিনে দিনেই রিপোর্ট দিয়ে দিই৷ তবে নেগেটিভ হলে আমরা আরো পরীক্ষানিরীক্ষার জন্য পাঠাই। সেইক্ষেত্রে কয়েকদিন সময় লাগে।
