সৈকত বাবু
রাঙামাটিতে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে রাঙামাটি পৌরসভা। সোমবার সকাল সাড়ে ১০টায় রাঙামাটি পৌরসভার সম্মেলন কক্ষে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।
এসময় রাঙামাটির ৫টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্পের আওতায় আত্ম-কর্মসংস্থানের লক্ষে রাঙামাটি পৌরসভা কাঠালতলী নূরানী তালিমুল মাদ্রাসা, ফুলকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলুটিলা উলুছড়া সরকারি প্রথমিক বিদ্যালয়, ডিয়ার পার্ক সরকারি প্রথমিক বিদ্যালয়, দেওয়ান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, কাটার, পেন্সিল, রাবার স্কেল ইত্যাদি বিতরণ করেন।
বিতরণ অনুষ্ঠানে পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য সরকার নানা ধরনের কাজ করে যাচ্ছে। বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের মাধ্যমে যাতে শিক্ষার্থীদের পড়ালেখায় আরও মনযোগী হয় সেজন্য কাজ করছে। শিক্ষিত জাতি গঠনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নুর নবী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিন, কাউন্সিলর সন্তোষ চাকমা প্রমুখ।
