রামগড় প্রতিনিধি
খাগড়াছড়ির জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস সোমবার রামগড় এসে বৃটিশ আমলে প্রতিষ্ঠিত পুরোনো এসডিও (মহকুমা প্রশাসক) বাংলো পরিদর্শন করেছেন। এসময় তিনি এটির প্রয়োজনীয় সংস্কারে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি ও ইউএনও খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাতের হাতে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন।
১৯২০ সালে বৃটিশ শাসনামলে খাগড়াছড়ির রামগড় মহাকুমা হিসেবে প্রতিষ্টা লাভ করে। ভবনটি মহাকুমা প্রশাসকের অফিস ছিল। বর্তমানে রামগড় উপজেলা পরিষদের নিজস্ব মালিকানাধীন জায়গায় শতবর্ষ পুরানো এই ভবনটিতে রামগড় উপজেলা পরিষদের মাধ্যমিক শিক্ষা অফিস, যুব উন্নয়ন অফিস ও পল্লী সঞ্চয় ব্যাংক এর দপ্তর হিসেবে ব্যবহৃত হয়।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের প্রথম দিকে এই ভবনটিতে অবস্থান করে তৎকালীন পার্বত্য চট্টগ্রামের জেলা প্রশাসক এইচ টি ইমাম এই এলাকায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। এই ভবনটির প্রয়োজনীয় সংস্কারের জন্য সোমবার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার এর নিকট ৫ লাখ টাকার চেক প্রদান করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ।

স্থানীয়দের প্রত্যাশা, জেলা প্রশাসনের এই মহতি উদ্যোগের ফলে খাগড়াছড়ির এই ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী ভবনটি রামগড়সহ জেলার অধিবাসীদের গর্বিত করতে আরও বহু বছর স্বমহিমায় সমুজ্জ্বল থাকবে।
