সুহৃদ সুপান্থ
রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ার ১৪ মাস পর জেলা যুবদলের সভাপতি পদ থেকে অব্যাহতি পেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রাঙামাটি জেলা কমিটির সভাপতি সাইফুল ইসলাম শাকিল। তাকে অব্যাহতি দিয়ে ১ম সহসভাপতি ও পৌর কাউন্সিলর মোঃ নুর নবীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছে কেন্দ্রীয় যুবদল।
বৃহস্পতিবার সন্ধ্যায় যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাঙামাটি জেলা যুবদল সভাপতি মোঃ সাইফুল ইসলাম শাকিল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অব্যাহতি দিয়ে জেলা যুবদলের ১ম সহসভাপতি মো: নুরনবীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।’
২০২১ সালের ১৩ নভেম্বর জেলা বিএনপির কাউন্সিলে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন জেলা যুবদলের কর্মীবান্ধব হিসেবে পরিচিত এই সভাপতি। তারপর সম্মেলনের মাধ্যমে নেতৃত্ব ছাড়বেন এমন আকাঙ্খায় তিনি প্রতীক্ষা করছিলেন। যুবদলের সম্ভাব্য সম্মেলন নিয়ে নেতাকর্মীদের মধ্যে তোড়জোরও চলছিলো। সভাপতি শাকিল ও সম্পাদক সায়েম এর অনুসারিরা যেমন চেষ্টা করছিলেন,তেমনি তৃতীয় ও চতুর্থধারার নেতাকর্মীরাও চেষ্টা করছিলেন নতুন দায়িত্বে আসার। ধারণা করা হচ্ছিলো,শীঘ্রই হয়ত সম্মেলন হবে জেলা যুবদলের। কিন্তু শাকিল হঠাৎ করেই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেয়ায় সম্মেলন ঘিরে অনিশ্চয়তাও তৈরি হবে।
সাইফুল ইসলাম শাকিল,পাহাড়টোয়েন্টিফোর ডট কমকে বলেছেন,‘ইচ্ছে ছিলো সম্মেলনের মাধ্যমেই নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিয়ে বিদায় নিব। কিন্তু এক বছর তো গেলো। নানা বাস্তবতায় সম্মেলন করতে পারিনি আমরা। আমাদের কেন্দ্রীয় সভাপতিও জেলে এখন। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে আমার উপর অনেক চাপ। আমিও বিভিন্ন সময় সম্মেলনের জন্য কেন্দ্রকে বলেছি। কেন্দ্র এই সিদ্ধান্ত জানাল আজ। এর মাধ্যমে সংগঠন আরো গতিশীল হবে বলে মনে করি আমি।’
জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম জানিয়েছেন,‘ এটা কেন্দ্রীয় সিদ্ধান্ত,কেন্দ্র যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। এই সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। নতুন ভারপ্রাপ্ত সভাপতিকে অভিনন্দন জানাচ্ছি আমি।’
