জিয়াউল জিয়া
বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো নতুন পাঠ্য বই। সাধারণ শিক্ষার্থীদের পাশে পার্বত্য জেলা রাঙামাটিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের স্ব-স্ব মাতৃভাষার বই পেয়ে আনন্দে আত্মহারা শিক্ষার্থীরা। সাধারণ বইয়ের সাথে নিজের ভাষার বই হাতে পেয়ে খুশি পাহাড়ের শিশুরা।
২০১৭ সাল থেকে চাকমা, মারমা, ত্রিপুরা, গারো, এবং সাদ্রি এই পাঁচ ভাষায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিশুদের মাতৃভাষায় পড়াশোনার জন্য বই বিতরণ করে আসছে সরকার। জেলায় এবছর ৭০৭টি প্রাথামিক ও ১৪০টি মাধ্যমিক বিদ্যালয়ে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত চাকমা, মারমা ও ত্রিপুরা ভাষাভাষি শিশুরা প্রাক-প্রাথমিক বই দেয়া হয়েছে।
রাঙামাটি বনরূপা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রাতুল চাকমা ও তুলতুল চাকমা জানান, আমি চাকমা ভাষার বই পেয়েছি। আমি খুব খুশি। কারণ বই থেকে অনেক কিছু শিখতে পারছি।
ক্ষুদ্র নৃ গোষ্ঠী শিশুদের হাতে বই পেয়ে বিশেষ করে অভিভাবক জ্ঞান প্রিয় চাকমা আনন্দ প্রকাশ করে বলেন, ‘আমরা আমাদের নিজ ভাষায় কথা বলতে পারলেও লিখতে পারতাম না। এই কার্যক্রমের ফলে আমাদের শিশুরা বলার সাথে সাথে লিখাও শিখছে। এর ফলে আমাদের ভাষা বিশ্বের বুকে হাজার বছর টিকে থাকবে।
রাঙামাটি প্রাথমিক শিক্ষা অফিস সূত্র থেকে জানা যায়, জেলায় ২০২৩ শিক্ষাবর্ষে ১০ উপজেলার ৮৯ হাজার ১৫০ জন শিশু বই উৎসবের মধ্য দিয়ে ৩ লাখ ৭৬ হাজার ৫২৯টি নতুন বই পাবে। প্রাক-প্রাথমিক, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শতভাগ বই পাওয়া গেছে। যার মধ্যে প্রথম ও দ্বিতীয় শ্রেণির জন্য চাহিদা ছিল প্রায় ৬০ হাজার এরমধ্যে বই পাওয়া গেছে ৪৫ হাজার ৫১টি বই। বাকিগুলো আগামী দুই থেকে তিন দিনের মধ্যে বই পাওয়া যাবে। এছাড়া চাকমা, মারমা ও ত্রিপুরা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৯ হাজার ৮০৬ জন শিশু ৬৬ হাজার ২৫০টি মাতৃভাষার বই শতভাগ বিতরণ করা হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৃদুল কান্তি তালুকদার জানান, জেলায় এবছর বইয়ের চাহিদা ছিলো ৮ লাখ ৬৮ হাজার ১৪৩টি। যারমধ্যে পাওয়া গেছে ৪ লাখ ৫৪ হাজার ৩৫১টি বই। এখনো শতকরা ৪২ ভাগ বই আমরা পাইনি। আশা করছি শীঘ্রই বই হাতে পাবো।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন, পাহাড়ে বই উৎসবেও বৈচিত্র্য রয়েছে। এখানে নৃ-গোষ্ঠীদের পাঁচটি ভাষায় বই বিতরণ করা হচ্ছে। মাতৃভাষা পাঠদানের জন্য স্ব স্ব ভাষায় শিক্ষকদের প্রশিক্ষণ অব্যাহত আছে।
