বান্দরবানের থানচি উপজেলা সড়কের জীবননগর ঢালুতে মাইক্রোবাস খাদে পড়ে সেনাবাহিনী একজন ব্রিগেডিয়ারসহ ৬ জন আহত হয়েছে। শুক্রবার বিকালে তিনটায় এ ঘটনা ঘটে।
সেনাবাহিনী ও স্থানীয়রা জানায়, পরিবার নিয়ে বান্দরবান ভ্রমনে এসে নীলগিরি, নীলদিগন্ত পর্যটন স্পট দেখে থানচি যাবার পথে জীবননগর ঢালুতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস কয়েকশফুট পাহাড়ের নিচে খাদে পড়ে যায়। এসময় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ওবায়েদসহ পরিবারের ৫ সদস্য এবং গাড়ির চালক আহত হয়। খবর পেয়ে বিজিবি, সেনাবাহিনীসহ স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেছে। পরে আহতদের সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ব্রিগেডিয়ার জেনারেল ওবায়েদ, তার স্ত্রী এবং কন্যার অবস্থা গুরুতর বলে খবর পাওয়া গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিপাড়া বিজিবি ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক মেজর রহুল জানান, মাইক্রোবাসে পরিবার নিয়ে নীলগিরি থেকে থানচি ভ্রমণে যাবার পথে ব্রিগেডিয়ার জেনারেল ওবায়েদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। আহত অবস্থায় সকলকে উদ্ধার করে সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর।