পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১ ও সংশোধনী আইন ২০১৬ এর অধীনে শুনানি বন্ধ রাখা এবং অবিলম্বে আইন সংশোধনের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। রোববার বিকালে খাগড়াছড়িতে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবি জানানো হয়। ২০১৬ এর সংশোধিত আইন অনুযায়ী সোমবার রাঙামাটিতে প্রথমবারের মত কমিশনের শুনানি হওয়ার কথা রয়েছে।
সংবাদ সম্মেলন থেকে সোমবার তিন পার্বত্য জেলায় ভূমি বিরোধ নিস্পত্তি কমিশন কার্যালয় ও কমিশনের সভাস্থল ঘেরাও করা এবং প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেয়ার ঘোষণা করা হয়। একই সঙ্গে জনসংখ্যানুপাতে কমিশনের বাঙালি সদস্য অন্তভর্’ক্ত করা এবং ভূমি জরিপের পর আইন সংশোধনপূর্বক কমিশনের শুনানি শুরুর আহবান জানানো হয়েছে।
পাহাড়ের বিবদমান বাঙালি সংগঠনগুলোকে নিয়ে সদ্য গঠিত একক সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ’ এর উদ্যোগে খাগড়াছড়ি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলমগীর কবির। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন নাগরিক পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব এসএম মাসুম রানা, কমিটির সদস্য মাইন উদ্দিন, প্রকৌশলী আব্দুল মজিদ, লোকমান হোসেন প্রমুখ।
