বিলাইছড়ি প্রতিনিধি
সোমবার (১ নভেম্বর) রাঙামাটির বিলাইছড়ি উপজেলা সফর করলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। একদিনের সফরে তিনি বিলাইছড়ি ইউনিয়নের ধূপ্যাচর বৌদ্ধ বিহার, উপজেলা নিলাদ্রী রিসোর্ট, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, রাইংখ্যং শাখা বনবিহারসহ কেংড়াছড়ি জোন এলাকার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
উপজেলার এসব প্রতিষ্ঠান পরিদর্শন ও ধর্মীয় গুরু, জনপ্রতিনিধি এবং সর্বস্তরের জনসারণের সঙ্গে মতবিনিময়ের পর তিনি আমতলী চুলামুনি বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত সংঘদানে অংশগ্রহন করেন। এছাড়াও ধর্মীয় গুরু ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে মত বিনিময় করেন। মতবিনিময়কালে তিনি উপজেলার শিক্ষা, সংস্কৃতি ও অবকাঠামো উন্নয়নে আশ্বাস দেন।
এছাড়া তিনি বিলাইছড়ি হতে জুরাছড়ি উপজেলা, বিলাইছড়ি সদর হতে ফারুয়া ও বড়থলি ইউনিয়নে যোগাযোগের রাস্তা উন্নয়নের আশ্বাস প্রদান করেন। তার সফর সঙ্গী ছিলেন, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টি বোর্ডের সদস্য জয়সেন তঞ্চঙ্গ্যা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা প্রমুখ।
