মানিকছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের গচ্ছাবিল এলাকায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মো. রাজা মিয়া (১৬) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় তার সাথে থাকা দুই খালাতো ভাই মো. সাকিবুল হাসান শাওন (১২) ও সুজন (১৪) গুরুতর আহত হন।
সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে গচ্ছাবিল এলাকার মৃধা টার্কিফার্ম সংলগ্ন মোড়ে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাকেলের সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মানিকড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার কিছুক্ষণ পর রাজা মিয়ার মৃত্যু হয়। একই মোটরসাইকেলে থাকা মানিকছড়ির মুসলিম পাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের বড় ছেলে মো. শাকিবুল হাসান শাওন (১২) এবং মাটিরাঙ্গা উপজেলার ভূইয়া পাড়া এলাকার মো. শাহজাহানের ছেলে সুজন (১৪) গুরুতর আহত হয়। আহতদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত মো. সাকিবুল হাসান শাওনের পিতা মো. আনোয়ার হোসেন জানান, বেড়ানোর উদ্দেশে মাটিরাঙ্গা থেকে তারা আমার মুসলিমপাড়ার বাড়িতে আসে। দুপুরের কোনো এক সময়ে তারা তিন খালাতো ভাই আমার মোটরসাইকেল নিয়ে বের হয়ে যায়। বিকেল সাড়ে তিনটার দিকে জানতে পারি তারা গচ্ছাবিল এলাকায় পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে মেডিকেলে নিয়ে আসা হচ্ছে। এসে দেখি রাজা মিয়া মারা গেছেন এবং আমার ছেলে ও সুমন গুরুতর আহত হয়েছে।
মানিকছড়ি থানার এসআই মো. আক্কাস আলী বলেন, ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহায়তায় তাদেরকে মানিকছড়ি হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পর রাজা মিয়া নামের ছেলেটি মারা যায় এবং অপর দুজনের অবস্থা গুরুতর হওয়া তাদের চমেকে প্রেরণ করা হয়েছে। ঘাতক পিকআপটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
