বিশাল মোটর শোভাযাত্রা,গগণবিদারি স্বাগত শ্লোগান আর ফুলেল শুভেচ্ছায় ভেসে যখন নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করছিলেন অংসুইপ্রু চৌধুরী, তখন উৎসবস্থলে শারীরিকভাবে উপস্থিত থেকেও যেনো এইসব অনুসঙ্গ থেকে মানসিকভাবে যোজন যোজন দূরে বিদায়ী চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। সোমবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উপস্থিত কয়েকশত মানুষ যেনো ‘বিদায় আর বরণ’ এর এক বিষাদ অথবা উচ্ছাসের সাক্ষী হলেন,বিপরীত মুখায়বে !
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর নেতৃত্বাধীন ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার সকালে অংসুই প্রু চৌধুরী রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান বৃষ কেতু চাকমার স্থলাভিষিক্ত হলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে (এনেক্স ভবনে) মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহা. আশরাফুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠানে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুদ্দোহা চৌধুরী, রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমাসহ অনেকেই উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান হিসেবে যোগদানের পর জেলা পরিষদের সম্প্রদায় ভিত্তিক নিয়োগ পাওয়া ১৪ জন সদস্য যোগদানপত্রে স্বাক্ষর করেন। যোগদান অনুষ্ঠান শেষে বিদায়ী চেয়ারম্যান বৃষ কেতু চাকমা রাঙামাটি জেলার উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরে দলীয় আওয়ামীলীগের নেতাকর্মীরা বিদায়ী চেয়ারম্যান বৃষ কেতু চাকমাকে জেলা পরিষদ থেকে বিদায় জানায়। এদিকে নবনিযুক্ত পরিষদবর্গ যোগদান শেষে বঙ্গবন্ধুর ম্যুরাল ও রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমার নেতৃত্বাধীন ১৫সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ বাতিল করে পরিষদের বর্তমান সদস্য অংসুই প্রু চৌধুরীকে চেয়ারম্যান নিযুক্ত করে বিভিন্ন সম্প্রদায় ভিত্তিক ১৫ সদস্যের অন্তর্বর্তীকালীন পরিষদ নিয়োগ দেয়। সরকারের এই আদেশ অনুসারে নবনিযুক্ত রাঙামাটি জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন ১৫ সদস্যের পরিষদ আনুষ্ঠানিকভাবে সোমবার যোগদান করেন।
যদিও অংসুই প্রু চৌধুরী কিংবা বৃষ কেতু চাকমার জন্য এই অভিজ্ঞতা নতুন নয়। ২০১৫ সালে নিখিল কুমার চাকমার বিদায়কালে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন তারই সাথে সদস্য হিসেবে দায়িত্ব পালন করা এবারের বিদায়ী চেয়ারম্যান বৃষ কেতু। সেই সময়ও সদস্য হিসেবে সেই বিদায়ের সাক্ষী অংসুই প্রু চৌধুরী। নিয়তির কি নির্মম পরিহাস,সোমবার সকালে যেনো ইতিহাসেরই পুনরাবৃত্তি হলো রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে,যেখানে বৃষ কেতু এমন একজনের কাছে দায়িত্ব সমর্পন করে ফিরেছেন,যিনি ৫ বছর ৮ মাস আগে বৃষ কেতু-নিখিলের বিদায়-বরণ পর্বেরও অন্যতম প্রত্যক্ষদর্শী ! পুনরাবৃত্তির এবারের ইতিহাসপাঠে,বৃষ কেতু অধ্যায় আপাতত শেষ,শুরু হলো অংসুই প্রু অধ্যায়…
