‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ যদি বিএনপির কর্মীদের একটি আঙ্গুল দেখায় তাহলে তাদেরকে দুইটি আঙ্গুল দেখানোর সামর্থ্য বিএনপির আছে এবং তা দেখাবে।’- এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম।
সোমবার সকাল ১১টায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সাথে বিএনপির মনোনীত প্রার্থী মনিস্বপন দেওয়ানের প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তব্যে তিনি এমন হুঁশিয়ারি দেন।
জেলা বিএনপির সভাপতি শাহ আলম বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামীলীগকে যদি ভেবে থাকে ভোট কেন্দ্র দখল করে ভোট নিবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। ভোট ডাকাতি করার কোনও সুযোগ আওয়ামীলীগকে দেয়া হবে না।
তিনি অভিযোগ করে বলেন, ‘রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ নির্বাচনকালীন সময়ে বিভিন্ন কাজের টেন্ডার, নিয়োগ ও প্রকল্প গ্রহণ করা নিষেধ থাকলেও উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান তা মানছেন না। উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ক্ষমতাসীন দলকে সুবিধা দেবার জন্য নতুন নতুন প্রকল্প ও টেন্ডার আব্যহত রেখেছেন।’
শাহ আলম বলেন, আন্দোলনের অংশ হিসেবে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। সকলের সমর্থনে রাঙামাটি আসনে মনি স্বপন দেওয়ান জয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এ সময় জেলা বিএনপির বিভিন্ন অঙ্গ, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।
