দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় পিতাকে কুপিয়ে ছেলে হত্যা করেছে বলে জানা গেছে। শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার জামতলি বাঙ্গালি পাড়াতে এ ঘটনা ঘটে।
নিহত মনোয়ার হোসেন মিন্টু (৫১) একই গ্রামের মোবারক হোসেনের ছেলে। অভিযুক্ত ছেলে মো. জনি মিয়া (২২) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।
নিহতের পাশের বাড়ির শামছুল আলম (৫৬) জানান, জনি মিয়া প্রায় সময় নেশা করে বাবার সাথে ঝগড়া করতো। ঘটনার সময়ও নেশাগ্রস্থ ছিল বলে তারা জেনেছেন। নিহতের ঘাড়ে এবং বুকে কোপের আঘাত রয়েছে।
নিহতের মেয়ে মিনারা খাতুন (৩০) জানান, দুপুরে জনি ও তার বাবাসহ সকলেই একসাথে ভাত খেয়েছিলেন। এর পর বাবা শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। হটাৎ শব্দ শুনে রুমে গিয়ে দেখেন বাবা মেঝেতে পরে রয়েছেন।
ঘটনার একমাত্র প্রত্যক্ষদর্শি নিহতের নাতনী মুন্নি আক্তার (৯) জানায়, নানার সাথে সে তখন দুষ্টামি করছিল। হটাৎ মামা গিয়ে নানার সাথে ঝগড়া শুরু করে। নানা তখন মামাকে গালি দিলে মামা দা দিয়ে নানাকে কোপ দেয়।
দীঘিনালা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই শেখ মো. মিল্টন খন্দকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করা হয়েছে; মামলা প্রক্রিয়াধীন এবং আসামি গ্রেফতারে চেষ্টা চলছে।
Previous Articleখাগড়াছড়িতে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, নিখোঁজ ১
Next Article বাঘাইছড়িতে সেনা অভিযানে ২ টি একে-৪৭ উদ্ধার
