বাঘাইছড়ি প্রতিনিধি ॥
নানা অজুহাতে ক্রেতাদের কাছে অতিরিক্ত মূল্যে মালামাল বিক্রি, দোকানের আশপাশ অপরিষ্কার ও দোকানের বাইরে এলোমেলোভাবে মালামাল রাখা, ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে দোকানিকে ভোক্তা অধিকার আইনে মোবাইল কোর্টের মাধ্যমে আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা মসজিদ মার্কেটে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল ইসলামের নেতৃত্বে এবং ২৭ বিজিবি মারিশ্যা জোন ও বাঘাইছড়ি থানা পুলিশের সহযোগিতা মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়। এসময় চারটি দোকান মালিককে নগদ চার হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করে এবং দোকান মালিককে সতর্ক করে ভ্রাম্যমান আদালত।
এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, মোবাইল কোর্ট পরিচালনা ও আর্থিক জরিমানার ভয়ে বাজারের অনেকটাই শৃঙ্খলা ফিরে এসেছে, দোকান মালিকেরা দোকানের বাইরে এলোমেলোভাবে মালামাল রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করা, দোকানের আশপাশে ময়লা আবর্জনা ফেলা থেকে সতর্ক হচ্ছে। তিনি আরো বলেন, ভবিষ্যতে আমাদের এই মোবাইল কোর্ট পরিচালনা অভিযান অব্যাহত থাকবে।
