কাপ্তাই প্রতিনিধি ॥
সাড়ে চার মাস পর রাঙামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলো খুললেও বৃহস্পতিবার সকাল ১০টা হতে দুপুর ২ টা পর্যন্ত কাপ্তাইয়ের বিভিন্ন বিনোদন স্পটে গিয়ে দেখা যায় সুনসান নীরবতা। আবার কিছু কিছু স্পটে কয়েকজন পর্যটকের আনাগোনা লক্ষ্য করা গেছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় কাপ্তাই বিজিবি পরিচালিত ওয়াগ্গা প্যানোরোমা জুম রেস্তোরাঁয় গিয়ে দেখা যায় সুনসান নীরবতা। কাউন্টারে অলস সময় পার করছেন এইখানকার দায়িত্বরত বিজিবি সদস্যরা। অপরদিকে দুপুর ২টায় কাপ্তাই শিলছড়ি প্রশান্তি পার্কে গিয়ে দেখা যায় দশ থেকে পনের জন বিনোদন প্রেমী পার্কে ঘুরাঘুরি করছেন।
তাদের একজন রাঙ্গুনিয়ার ইসমাইল এবং কাউছার জানান, অনেকদিন পর ঘর থেকে বের হয়ে এই পার্কে এসে একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম।
প্রশান্তি পিকনিক স্পটের ম্যানেজার মাসুদ তালুকদার জানান, প্রথমদিন, তাই পর্যটক আসে নাই। তবে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন বেশী পর্যটক আসবেন বলে তিনি আশা প্রকাশ করছেন।
কাপ্তাইয়ের অন্যতম বিনোদন স্পট কাপ্তাই নৌ বাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম পরিচালিত লেক প্যারাডাইসেও প্রথমদিনে তেমন পর্যটক আসে নাই বলে জানান, সেখানে দায়িত্বরত নৌ বাহিনী সদস্যরা। তবে সকলে আশা ধীরে ধীরে আবারোও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বিনোদন কেন্দ্রগুলোতে।
