মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি ॥
পাহাড়ি জেলা রাঙামাটির বাঘাইছড়িতে জমতে শুরু করেছে কোরবানি পশুর হাট। উপজেলার প্রবেশ পথেই প্রায় আট একর জায়গা জুড়ে বাঘাইছড়ি পৌরসভার উদ্যোগে পশুর হাট স্থাপন করা হয়
ক্রেতারা জানান, উপজেলার সীমান্তবর্তী সাজেক, দোসর, নিউলংকরসহ দূরদূরান্ত থেকে এসব গরু ৭ থেকে ৮ দিন হেঁটে উপজেলা সদরে পশুর হাটে আসছে। কোন ধরনের মোটাতাজাকরণ ওষুধ ছাড়াই পাহাড়ি এসব গরু বনে স্বাধীনভাবে বেড়ে উঠায় দেখতে বেশ ঋষ্টপুষ্ট। তাই সহজেই ক্রেতাদের মন কাড়ছে এসব গরু।
বাজার ঘুরে দেখা যায়, মাঝারি সাইজের এক একটি গরু দাম হাকাচ্ছে ৬০ থেকে ৭০ হাজার এবং বড় সাইজের গরুর দাম ১ লাখ থেকে দেড় লাখ টাকা দেয়া হচ্ছে। বিভিন্ন সাইজের গরুর পাশাপাশি এই হাটে রয়েছে বিভিন্ন প্রজাতির ছাগলও। একেকটি বড় আকারের খাসি বিক্রি হচ্ছে ২০ থেকে ৩০ হাজার টাকা।
কঠোর লকডাউন ও বিধিনিষেধের মধ্যেও পশু পরিবহন নিষেধাজ্ঞার বাইরে থাকায় চট্টগ্রামের বিভিন্ন ব্যবসায়ী বাজারে আসছে। ভালো দাম পাওয়ায় স্থানীয় গবাদিপশু মালিকরাও খুশি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি থাকায় স্বাস্থ্যবিধি মেনেই পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে চলছে বাঘাইছড়ি উপজেলার বৃহৎ এই পশুর হাট, জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
স্থানীয় পৌরসভার কাউন্সিল বাহার উদ্দিন সরকার জানান, প্রতি বছর কোরবানি মৌসুমে এখানে প্রায় ৫ থেকে ৬ কোটি টাকার পশু বিক্রি হয়।
