কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রায় দু’মাস পর আবারও শুরু হয়েছে করোনার ভ্যাকসিন প্রদান কার্যক্রম। বুধবার থেকে শুরু হওয়া এই কার্যক্রমের প্রথমদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নিতে আসা মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। তবে রেজিস্ট্রেশন করেছেন কিন্তু মেসেজ আসেনি, এমন লোকজন আসায় ভিড় বেড়েছে বলে জানা গেছে।
কাপ্তাই উপজেলা করোনার ফোকাল পার্সন ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুক রনি উপস্থিত থেকে ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন। তিনি বলেন, সরকারি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কাপ্তাই উপজেলায় চীনের তৈরি সিনোফার্মের ভেরোসেল টিকাটি দেওয়া শুরু হয়েছে। সরকারি সুরক্ষা অ্যাপসে যারা আবেদন করার পর মেসেজ এসেছে শুধুমাত্র তাদের এই টিকা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, ৩৫ বছরের উপরের নারী-পুরুষ যেন দ্রুত রেজিস্ট্রেশন করে টিকা গ্রহণ করেন, সকলকে তিনি এই পরামর্শ দিচ্ছেন। প্রথমদিন কাপ্তাইয়ে মোট ২৮ জনকে এই টিকা দেওয়া হয়েছে। এসময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত থেকে টিকাদান কার্যক্রম পরিচালনা করেন।
