রাঙামাটির লংগদুতে বন্য হাতির আঘাতে শরিফুল ইসলাম (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। নিহত শরিফুল উপজেলার গুলশাখালী ইউনিয়নের যুবলক্ষীপাড়া গ্রামের এগদিল হোসেনের ছেলে।
নিহতের স্বজনরা জানায়, শরিফুল মঙ্গলবার ভোরে স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বেরিয়ে যান। মসজিদে যাবার পথে বন্য হাতির সামনে পড়েন তিনি,এসময় হাতির আক্রমনে তার মৃত্যু হয়। খবর পেয়ে স্থানীয়রা শরিফুলকে উদ্ধার করে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গুলশাখালী ইউনিয়নের চেয়ারম্যান আবু নাছির বলেন, প্রায় সময় বন্য হাতির আক্রমনে এলাকার জানমালে ক্ষতি হয়। ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পুনর্বাসনের পাশাপাশি হাতির অভয়াশ্রম করার জন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এই তৃণমূল জনপ্রতিনিধি।