খাগড়াছড়ি প্রতিনিধি।
পার্বত্য জেলা খাগড়াছড়িতে খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে এসে ধরা পড়েছে বিপন্ন প্রজাতির বন বিড়াল। তবে স্থানীয়রা উদ্ধার করলেও বনবিড়ালটি অবমুক্ত করেছে বন বিভাগ।
বন বিভাগ জানিয়েছে, বিপন্ন প্রজাতির এই প্রাণীটি শনিবার সকালে খাগড়াছড়ি জেলা শহরের আনন্দ নগর এলাকায় সুধীরঞ্জন মাস্টারের বাড়ি আসলে তারা এই বিড়ালটিকে ধরে বন বিভাগকে খবর দেয়। পরে বনবিভাগ এই বিড়ালটিকে উদ্ধার করে বন কার্যালয়ে নিয়ে আসে। এদিকে বিকেল তিনটায় খাগড়াছড়ি বন কর্মকর্তার কার্যালয়ের পাশে বনশ্রী ক্যাম্পাসে বনবিড়ালটি অবমুক্ত করা হয়েছে। জানা গেছে, এক সময় বাংলাদেশে বনবিড়ালের দেখা মিলতো। তবে নির্বিচারে বন উজাড়, খাদ্য সংকটসহ নানান কারণে বিলুপ্তির পথে এই বুনো প্রাণী।
বন বিভাগের খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা বাবুরাম চাকমা জানান, জেলা শহরের আনন্দ নগর এলাকা থেকে বন বিড়ালটি ধরে স্থানীয়রা বন বিভাগকে খবর দিয়েছে। পরে আমরা এটাকে উদ্ধার করে নিয়ে এসেছি। এই বিড়ালটির বয়স আনুমানিক তিন বছর হতে পারে।
খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা সারওয়ার আলম জানান, বিপন্ন প্রজাতির এই বুনো বিড়াল এখনো পার্বত্য চট্টগ্রামের বনে-বাদাড়ে রয়েছে। তবে দিনদিন এরা অস্তিত্ব সংকটে পড়ে বিলুপ্তির পথে।
