রামগড় প্রতিনিধি ॥
খাগড়াছড়ির রামগড়ে ফেনী নদীতে কূপ খননের সম্ভাব্য স্থান পরিদর্শনে এসেছেন যৌথ নদী কমিশনের (জেআরসি) একটি প্রতিনিধিদল। শুক্রবার দুপুরে প্রতিনিধি দলটি রামগড়-সাবরুম সীমান্ত এলাকার ফেনী নদী অংশ পরিদর্শনে করেন। পরে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু সংলগ্ন ভারতীয় অংশে বৈঠক করেন।
জানা যায়, সীমান্তবর্তী ফেনী নদীর মাঝখানে ইনটেক ওয়েলে বা কূপ খনন করে পাইপের মাধ্যমে সমঝোতার ১.৮২ কিউসেক পানি উত্তোলন করে নিতে চাচ্ছে ভারত। জল প্রবাহের নদীর মধ্যবর্তী স্থানে কূপ খননের প্রস্তাবনার বিষয়ে প্রকৌশলগত যর্থাথতা খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন এই প্রতিনিধি দল।
এসময় বাংলাদেশের পক্ষে ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো)অতিরিক্ত প্রধান প্রকৌশলী হলেন মো. রমজান আলী প্রামাণিক। প্রতিনিধি দলের সদস্য হিসেবে আরো ছিলেন বাংলাদেশ যৌথ নদী কমিশনের সদস্য মাহমুদুর রহমান, পাউবো’র চট্টগ্রাম শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী শিবেন্দু খাস্তগীর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. জীবন কুমার সরকার, প্রকল্প পরিচালক নব কুমার চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এসএম সরোয়ার কামাল, রামগড় ৪৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল মাজহার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত। অন্যদিকে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দক্ষিণ ত্রিপুরার জেলা প্রশাসক সাজু ভায়াহিদ।
উল্লেখ্য, ২০১২সালে ভারতের ত্রিপুরার সাবরুম শহরে খাবার পানির সংকট মেটাতে ফেনী নদী থেকে ১.৮২ কিউসেক পানি উত্তোলনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে ২০১৯ সালের অক্টোবরে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষে সমঝোতা স্মারক সই হয়।
