নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে ৩৪ কোটি টাকা ব্যয়ে চারটি সড়ক, ব্রিজ নির্মাণ উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে বান্দরবান সদরের কালাঘাটা এলাকায় উন্নয়ন কাজের আনুষ্ঠানিক ফলক উন্মোচন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, স্থানীয় প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা আফরিন মোস্তফা, এলজিইডি সিনিয়র সহকারী প্রকৌশলী জামাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অজিত দাস, আওয়ামীলীগের পৌরশাখার সভাপতি অমল কান্তি দাস, সাধারণ সম্পাদক সামশুল ইসলাম উপস্থিত ছিলেন।
উন্নয়ন কাজগুলো হচ্ছে- এলজিইডি অর্থায়নে ৮ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে শিশু পরিবারের সামনে থেকে বাহাদুর নগর ও ছাইঙা প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সড়ক কার্পেটিং, এক কোটি প্রায় ৯৩ লাখ টাকা ব্যয়ে নতুন ব্রিজ থেকে বড়ুয়াটেক পর্যন্ত আরসিসি সড়ক নির্মাণ, ৬ কোটি প্রায় ৩৬ লাখ টাকা ব্যয়ে তারাছা ইউপি অফিস রুটে ৯৯ মিটার গার্ডার ব্রিজ নির্মাণ, ১৪ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে তারাছা ইউপি ইটের সড়ক নির্মাণ এবং ৩ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে রোয়াংছড়ি ঘেরাও সড়ক নির্মাণ।
এদিকে উদ্বোধনের পর বালাঘাটায় স্থানীয়দের সাথে মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ এখন আগের মত পিছিয়ে নেই। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পর্যটন সবক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে পার্বত্যাঞ্চল। পার্বত্যবাসীরা উন্নয়ন চাই, বর্তমান সরকারও উন্নয়নবান্ধব সরকার। পার্বত্যবাসীর উন্নয়নে নানামুখী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। কিন্তু সশস্ত্র একটি গোষ্ঠি পাহাড়ের উন্নয়নে প্রতিবন্ধকতা তৈরি করছেন। সশস্ত্র গোষ্ঠীর কারণে বাধাগ্রস্ত হচ্ছে পাহাড়ের উন্নয়ন। এদের প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
