ঝুলন দত্ত, কাপ্তাই॥
প্রেমে ব্যর্থ হয়ে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের কর্ণফুলী সরকারি কলেজের সামনে মোঃ মোজাম্মেল হক রিপন-(২৩) নামে এক যুবক নিজের শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করে। এসময় তার প্রায় ৫০ শতাংশ শরীর আগুনে পুড়ে যায়। সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিগা গ্রামের মোঃ আবুল কাশেমের পুত্র। বর্তমানে তার এক ভাই চন্দ্রঘোনা ইউনুছিয়া সুন্নিয়া মাদ্রাসায় চাকরি করার সুবাধে সে মাঝে মাঝে চন্দ্রঘোনা থানাঘাট এলাকায় এসে তার ভাইয়ের বাসায় থাকতো।
ঘটনার পর স্থানীয়রা তাকে অগ্নিদগ্ধ অবস্থায় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কাপ্তাই স্বাস্থ্য বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ তাউমিদুর রহমান জানান, তার শরীরে ৪০ থেকে ৫০ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় বেলা দেড়টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সর্বশেষ খবর অনুযায়ী তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক মেয়ের সাথে তার গত ৫ বছর ধরে সম্পর্ক হয় এবং বর্তমানে মেয়েটা তার সাথে সম্পর্ক রাখতে না চাওয়ায় সেই এই ঘটনা ঘটায়। কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন গাঁয়ে পেট্রোল দিয়ে আত্মহত্যার চেষ্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
