আন্তর্জাতিক গুম দিবসে রাঙামাটি বিএনপির বিক্ষোভ
কোন উস্কানি ছাড়াই বিএনপি স্থানে ১৪৪ ধারা জারি করে বিএনপির গণতান্ত্রিক কর্মসূচী বানচাল ও নেতাকর্মীদের উপর হামলা মারধর গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে রাঙামাটি বিএনপির নেতারা বলেছেন, ‘ ১৪৪ ধারা জারি করে ক্ষমতার মসনদ টিকিয়ে রাখা যাবেনা।’
মঙ্গলবার সকালে রাঙামাটি শহরের কাঠালতলিস্থ বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বনরূপা ঘুরে এসে জেলা বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে।
আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষ্যে আয়োজিত এই কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপি সহ ধর্ম বিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান,সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান,সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ভূট্টো,বিএনপির জেলা সভাপতি দীপন তালুকদার,সাধারন সম্পাদক মামুনুর রশীদ,সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পনির,পৌর বিএনপির সভাপতি শফিউল আজম, জেলা যুবদলের সাধারন সম্পাদক আবু সাদাত মোঃ সায়েম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম,জেলা ছাত্রদলের সভাপতি সাব্বির আহমেদসহ বিএনপি ও সহযোগি সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, এই সরকারের মন্ত্রীরা তাদের বক্তব্যে মধ্য দিয়ে কখনো নিজেদের ভারতের মদদপুষ্ট দরকার,কখনো বেহেশতের সরকার হিসেবে দাবি করছে। কিন্তু দেশ এখন সাধারন মানুষের বসবাসের জন্য দোজখে পরিণত হয়েছে। এই অবস্থা থেকে মুক্তির প্রয়োজনেই এই সরকারকে ক্ষমতা থেকে অপসারণ করতে হবে।’
বিএনপি নেতারা অভিযোগ করেন, ‘এই সরকার বিরোধী দলের গণতান্ত্রিক অধিকারকেও ভুলুন্ঠিত করছে,১৪৪ ধারার নাটক সাজিয়ে কর্মসূচীও পালন করতে দিচ্ছেনা।’
মাহবুবের রহমান শামীম বিএনপির নেতা ইলিয়াছ আলী,চৌধুরী আলমসহ বেশ কয়েকজন গুম হওয়ার নেতার নাম উল্লেখ করে এদের গুমের ঘটনার জন্য সরকারকে দায়ি করে প্রতিটি গুমের ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেন। তিনি বলেন, একদিন এই দেশের মাটিতেই এইসব ঘটনার বিচার হবে।
এই কর্মসূচীতে বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
