খাগড়াছড়ি প্রতিনিধি
পুলিশের ব্যারিকেট ভেঙে খাগড়াছড়িতে বিক্ষোভ-সমাবেশ করেছে জেলা মহিলা দল। এসময় পুলিশ কয়েকদফা লাঠিচার্জ করলে মহিলা দলের কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মিল্লাত চত্বর সড়ক থেকে জেলা মহিলা দলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রধান সড়কে উঠার আগে পুলিশ আটকে দিতে চাইলে হট্টগোল শুরু হয়। এসময় মহিলা দলের কর্মীরা পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানে সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি জেলা বিএনপির সহ-সভাপতি প্রবীন চন্দ্র চাকমা পুলিশের আচারণের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ‘সরকারের মেয়াদ ফুরিয়ে এসেছে। পরিস্থিতি বুঝতে পারায় এখন নিজেরা লুটেপুটে খেয়ে পালানোর পথ খুঁজছে। আওয়ামী লীগ সরকার এখন জনগন থেকে বিচ্ছিন্ন বলে।’
সমাবেশে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সহ-সভাপতি মারিয়াম আক্তার মনি,যুগ্ম সাধারণ সোনিয়া সিকদার শান্তা ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ। এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা উপস্থিত ছিলেন।
