খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়িতে শুরু হয়েছে পার্বত্য ফুটবল টুর্নামেন্ট ২০২২। সোমবার দুপুরে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এর উদ্বোধন করা হয়। এসময় খাগড়াছড়ি জেলা প্রশাসক, পৌরসভার মেয়র, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলা শুরু হয় বিকালে। প্রথম খেলায় অংশ নিয়েছে রাঙামাটির কাউখালী উপজেলার সুইহ্লামং ফুটবল একাডেমি ও খাগড়াছড়ি জেলা সদরের শালবন সূর্যোদয় ক্লাবের খেলোয়াড়রা। উদ্বোধনের পর দুই দলের একটি ডামি ম্যাচের আয়োজন করা হয়।
এই আয়োজনে পাহাড়ের ১৬টি দল অংশ অংশ নিয়েছে। রবীন লীগ পদ্ধতিতে চলবে এ টুর্নামেন্ট। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ উদ্যোগ। এছাড়াও সমাজে মাদকের বিস্তার রোধে খেলাধুলার বিকল্প নেই। তাই পড়া লেখার পাশাপাশি খেলাধুলার ব্যস্ত থাকলে মাদক নিয়ন্ত্রণে বড় ধরণের ভূমিকা রাখবে। পাহাড়ের খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে খেলছে এটা যেমন গর্বের বিষয় তেমনি নতুন নতুন খেলোয়াড় সৃষ্টি হলে তাদের পৃষ্ঠপোষকতায় সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পার্বত্য ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক দিদারুল আলম।
অনুষ্ঠানের অতিথিরাও ব্যাক্তিপর্যায়ে এমন উদ্যোগে এগিয়ে আসায় প্রশংসা করেন। খেলাধুলা চর্চায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তারা। খাগড়াছড়িতে ক্রীড়া সংস্থার বাইরে পার্বত্য ফুটবল একাডেমির ব্যানারে এটিই সবচেয়ে বড় ও প্রথম আয়োজন বলে জানা গেছে।
