নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি ॥
পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতেও চা চাষ সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ চা বোর্ড। এ জেলায় ৫শ হেক্টর পাহাড়ি জমিতে চা চাষ করতে সরকার ৭৪ কোটি টাকা হাতে নিয়েছে। বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো: জহিরুল ইসলাম এই তথ্য জানিয়েছেন। খাগড়াছড়ি সফরকালে চা বোর্ডের চেয়ারম্যান শুক্রবার সকালে খাগড়াছড়ি সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই তথ্য জানিয়েছেন।
তিনি আরো জানিয়েছেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলায় ক্ষুদ্রায়তন চা চাষ প্রকল্পের অধীনে ২০২১ সালে বৃহত্তর কর্মসূচি গ্রহন করা হবে। এই অঞ্চলের জনগোষ্ঠির মানুষের দারিদ্র্যতা দূর করার লক্ষ্যে ঘরের আঙিনা থেকে শুরু করে পুকুরের পাড়েও চা চাষ করা হবে। এজন্য ইতিপূর্বে পাহাড়ের মাটি পরীক্ষা করে চা চাষের উপযোগী বলে প্রমাণিত হয়েছে। এক্ষেত্রে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, পার্বত্য জেলা পরিষদ থেকে শুরু করে ঐতিহ্যবাহী হেডম্যান-কার্বারি এবং সার্কেল চিফদেরও সম্পৃক্ত করা হবে।
মতবিনিময় সভায় সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর মো: সালাউদ্দিন, বিটিআরআই এর ফটিকছড়ি উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মো: মশিউর রহমান আখন্দ উপস্থিত ছিলেন।
