কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নেথোয়াই মারমার হত্যাকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের উদ্যোগে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ বঙ্গবন্ধুর ম্যুরাল চত্বরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ আর লিমন এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রুহুল আমিন, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, সহ-সভাপতি জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার, জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক স্বপন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন মিলন, আওয়ামী লীগ নেতা দয়ারাম তনচংগ্যা, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি বাবলু বিশ্বাস অমিতসহ এইসময় আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সমাবেশে বক্তাগণ বলেন, জেএসএসের অস্ত্রধারী সন্ত্রাসী দল আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের ওপর ধারাবাহিক হামলা করে আসছে। তারই অংশ হিসাবে চিৎমরম ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে তাঁরা হত্যা করেছে। বক্তাগণ অবিলম্বে নির্বাচনের পূর্বে দোষীদের গ্রেফতারের দাবি জানান।
এর আগে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদ চত্বর হতে শুরু হয়ে কাপ্তাই সড়ক-বড়ইছড়ি বাজার প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
