নিজস্ব প্রতিবেদক ॥
দেশের বিভিন্ন স্থানে পূজা মণ্ডপ, মন্দির ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও তা-বের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার ঘোষিত কর্মসূচি পালনের লক্ষে বেলা আড়াইটার দিকে রাঙামাটি পৌরসভা ফটকে অবস্থান নেন হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ। এসময় স্থানীয় প্রশাসনের ‘অনুরোধের’ পরিপ্রেক্ষিতে কর্মসূচি স্থগিতের কথা জানান ধর্মীয় নেতারা।
কিন্তু পরে জেলা শহরের প্রাণকেন্দ্র বনরূপায় এলাকার ইসকন মন্দির প্রাঙ্গণ থেকে ভেদভেদী এলাকায় অবস্থিত শ্রী শ্রী রাম মন্দিরের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি জেলা শহরের প্রধান সড়ক হয়ে জেলাপ্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন শেষে আবারও একইস্থানে এসে প্রতিবাদে সমাবেশে মিলিত হয়। সমাবেশে ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই নূপুর দাশ ব্রহ্মচারী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক পঞ্চানন ভট্টচার্য্য প্রমুখ বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা সারাদেশে দুর্গোৎসবকে ‘পুঁজি করে’ মঠ-মন্দিরে হামলার প্রতিবাদ ও জড়িত ‘মৌলবাদী সন্ত্রাসী’দের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এসময় তারা বলেন, ‘বারবার দেশের ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটলেও কোন ঘটনারই বিচার হয়নি। এখন পূজাকে কেন্দ্র করে আবারও তৎপর হয়ে ওঠেছে মৌলবাদী ধর্মান্ধগোষ্ঠী। এরা ধর্মের নামে হিন্দুদের দেশত্যাগে বাধ্য করছে।’
