শুভ্র মিশু ॥
করোনার বৈশ্বিক প্রাদুর্ভাবের কারণে পার্বত্য জেলা রাঙামাটিতে বড় কোন আয়োজন ছাড়াই অনুষ্ঠিত হলো বই উৎসব। শুক্রবার সকালে জেলার বিভিন্ন বিদ্যালয়ে সীমিত পরিসরে শিক্ষার্থী উপস্থিতিতে আয়োজন করা হয় বই উৎসবের। অন্যান্য বছর প্রথমদিনে সব শিক্ষার্থী একসাথে বই হাতে পেলেও এবার একসাথে বেশি শিক্ষার্থীর সমাগম ঠেকাতে জেলায় মাধ্যমিকে বই বিতরণ করা হচ্ছে চার ধাপে আর প্রাথমিকে বই বিতরণ হচ্ছে শিক্ষার্থীদের সংখ্যা অনুপাতে।
এবার জেলার প্রায় ১লক্ষ ৭৩হাজার শিক্ষার্থীর মধ্যে প্রায় ১৩লক্ষ ৫৬ হাজার বই বিতরণ করা হচ্ছে। যার মধ্যে প্রাথমিকে চাকমা, মারমা, ত্রিপুরা জনগোষ্ঠীর ২৭,৫৯১ শিক্ষার্থীর মধ্যে নিজস্ব ভাষায় ৬২,৩৯১টি বই বিতরণ করা হচ্ছে। অপরদিকে প্রাথমিকে সাধারণ ৯৬,১২৫জন শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হচ্ছে ৩,৯৪,২২০টি বই।
রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন জানান, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমরা বৃহৎ পরিসরে কোন বই উৎসবের আয়োজন করিনি অন্যান্য বছরগুলোর মত। তবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে বলা হয়েছে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী সংখ্যা বেশি তারা কয়েক ধাপে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিবেন। আশা করছি ৫জানুয়ারির মধ্যে প্রতিটি শিক্ষার্থী বই পাবে। জেলার ৭০৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সেসব বিদ্যালয়ে মারমা, চাকমা, ত্রিপুরা শিক্ষার্থী রয়েছে তারা পাবে নিজস্ব ভাষার বই।
