‘নারীরা ঘরে-বাহিরে শ্রম দিয়ে গেলেও আজও তারা স্বাধীনতা পায়নি। নারীর অধিকার নিশ্চিত করা সমাজের সবার নৈতিক দায়িত্ব। নারীদের পিছিয়ে রেখে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তাই বৈষম্য সৃষ্টি না করে নারী-পুরুষ সকলে মিলে এগিয়ে যেতে পারলে দেশ ও জাতি উন্নয়নের দিকে অনেক দূর এগিয়ে যাবে।’- শুক্রবার বিকালে আন্তর্জাতিক নারী উপলক্ষে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো; নারী-পুরুষ সমতার নতুন বিশ^ গড়ো’- এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি উপলক্ষে রাঙামাটি পৌরসভা চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় মানববন্ধন।
মানববন্ধনে বক্তব্য দেন- জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম শফিউল আজম, আইনজীবী সুস্মিতা চাকমা, নারী নেত্রী টুকু তালুকদার, নুকু চাকমাসহ অন্যান্য সংগঠন ও জেলার নারী নেত্রীরা।
র্যালি ও মানববন্ধনে প্রোগ্রেসিভ, জুম ফাউন্ডেশন, নারী প্রগতি সংঘ, বনশ্রী, আশিকা, ডব্লিউআরএ, হিমাওয়ান্তি, সিএইটি উইমেন অ্যাক্টেভিস্ট ফোরাম, গ্রীনহিলসহ আরও বেশ কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সকালে দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জিমনেসিয়াম প্রাঙ্গণে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগড়িতে পাঁচজন নারীকে ‘জয়িতা’ সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।
