‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো; নারী পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’- এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে লংগদু উপজেলা প্রশাসন। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও ) প্রবীর কুমার রায়।
সভায় বক্তারা বলেন, ‘শিক্ষা দীক্ষায় পুরুষের তুলনায় নারীদের অংশগ্রহণ অনেক এগিয়েছে। তাদের এ এগিয়ে যাওয়ার পথকে অগ্রসর করতে পুরুষদের সহযোগীতা প্রয়োজন। নারীদের বাইরে রেখে আগামী দিনের উন্নত বাংলাদেশ গড়া সম্ভব নয়। সকল ক্ষেত্রে নারীদের সমান সুযোগ প্রদানের মাধ্যমে সমতার সমাজ ও রাষ্ট্র গঠনে সকলকে এগিয়ে আসতে হবে।’
উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে ও আঁখি চাকমার সঞ্চলনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী শিক্ষা কর্মকর্তা জগদীশ চাকমা, নারী নেত্রী তানিয়া আফরোজ প্রমুখ।
