মুফিজুর রহমান, নাইক্ষ্যংছড়ি
বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার বাইশারীতে ফারিখালের ওপর নির্মাণাধীন রাবার ড্যাম প্রকল্পের বেড়িবাঁধ ভেঙে রাস্তাঘাটসহ অর্ধশতাধিক বসতবাড়ি হুমকির মুখে। খাল পাড়ের বসতবাড়ি পানির স্রোতে ভেঙে বড় ধরনের দুর্ঘটনা ও হুমকির মুখে রয়েছে শতশত লোকজন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বাইশারী ইউনিয়নের পূর্ব বাইশারী এলাকায় রাজঘাট নামক স্থানে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কোটি টাকা ব্যয়ে রাবার ড্যাম প্রকল্পের কাজ করে। কাজের সিডিউল অনুযায়ী রাবার ড্যাম সংলগ্ন খালের উভয় পার্শ্বে বেড়িবাধ নির্মাণ করে দেওয়ার কথা থাকলেও পাথরের ব্লক না দিয়ে দায়সারা ভাবে স্ক্যাবেটার দিয়ে খালের বালি দিয়ে তা নির্মাণ করে দিয়ে কাজ সম্পন্ন করে তারা চলে যায়। সম্প্রতি ভয়াবহ বন্যায় ও পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ভেঙে পায়ে চলার পথসহ নদী গর্ভে চলে যায়। এতে এখন অর্ধ শতাধিক বসতবাড়ি হুমকির মুখে রয়েছে। আবারও বন্যা হলে বসতবাড়ি বিলীন হয়ে যাবে।
স্থানীয় বাসিন্দা ওসমান গনি জানান, তিনি বৃটিশ আমল থেকে ওই জায়গায় বসবাস করে আসছেন। কিন্তু এ ধরনের ভয়াবহ পানি আর দেখেননি। রাবার ড্যাম প্রকল্পের বেড়িবাঁধ এলাকায় এই ভয়াবহ পানির স্রোতে আমাদের সর্বনাশ করে দিল। আমরা এলাকাবাসী দ্রুত ভাবে বেড়িবাঁধ নির্মানের দাবি জানাচ্ছি।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের জানান, রাবার ড্যাম প্রকল্পের দায়সারা কাজে আমার ওয়ার্ডের সাবেক মেম্বার মো. শফি, ডা. হাসেম সরওয়ার, মাওলানা রিদওয়ান, হাজী নুরুন্নবী, ওসমান গনি মনু, পুতুইয়াসহ অনেকের বসতবাড়ি এখন হুমকির মুখে। তাছাড়া রাস্তাঘাট ভেঙে যাওয়ায় চলাচল করতে জনসাধারণের ভীষন কষ্ট হচ্ছে। তিনি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি বলেন, তিনি বিষয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন। পাহাড়ি ঢল ও বন্যায় ভেঙে যাওয় রাস্তাঘাট দ্রুত মেরামতের জন্য উর্ধতন কর্মকর্তাকে অবহিত করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) রাবার ড্যাম প্রকল্পের কনসালট্যান্ট রুদ্র জানান, সরেজমিনে পরিদর্শন করে দ্রুত মেরামতের ব্যবস্থা নিব। তাছাড়া পরিদর্শন করে আলাদাভাবে প্রকল্পের মাধ্যমে বরাদ্দ দিয়ে বেড়িবাঁধ নির্মাণের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
